 বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন |
চট্টগ্রাম ২৮ জুলাই, ( চিটাগংটুডে ডটকম ) দেশের শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েষ্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড জার্মানীতে রপ্তানীর জন্য নির্মিত ৫২০০ টন ওজনের জাহাজ ‘ইএমএস সী’ ২৬শে জুলাই সফলভাবে লঞ্চিং (পানিতে ভাসানো) সম্পন্ন করেছে। এ জাহাজটি বহুমুখী ব্যবহারের ক্ষমতা সম্পন্ন।
১০০ মিটার দৈর্ঘ্যের ‘ইএমএস সী’ বাংলাদেশী কোন জাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের তৈরি এ যাবত কালের সর্ববৃহৎ জাহাজ। এটি বাংলাদেশের সম্ভাবনাময় জাহাজ নির্মাণ শিল্পের জন্য একটি মাইলফলক। অন্যদিকে ‘ইএমএস সী’ জাহাজের অনুরুপ আরেকটি জাহাজ ‘ইএমএস রিভার’ও গত বুধবার (২৮ জুলাই) লঞ্চিং করা হয়েছে। ইতিপূর্বে ২০০৮ সালে জার্মানীর গ্রোনা শিপিং কোম্পানির কাছ থেকে এ ধরনের ১২ টি জাহাজ নির্মানের কার্যাদেশ পায় ওয়েষ্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। ২০১২ সালের মধ্যে এসব জাহাজ হস্তান্তরের কথা রয়েছে।
জার্মানিশিয়্যর লয়েডের এর মান অনুযায়ী ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে নির্মিতব্য এ ১২টি জাহাজ আটলান্টিক এবং বাল্টিক সাগরের প্রতিকূল আবহাওয়া এবং তাপমাত্রায় চলতে পারবে।
চট্টগ্রামের পটিয়া উপজেলাধীন ৪ নং কোলাগাঁওয়ে অবস্থিত ওয়েষ্টার্ন মেরিন শিপইয়ার্ডে জাহাজ ২টি লঞ্চিং করা হয়। লঞ্চিং অনুষ্ঠানে জামার্নীর গ্রোনা শিপিংয়ের ফ্লীট ম্যানেজার মারকু ভেড্ডার, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন, ইস্ট উইন্ডের হেনস উলরিক, বিদেশী ব্যবসায়ী এবং ক্লাসিফিকেশন সোসাইটি জার্মানিশিয়্যর লয়েডের সদস্যরা উপস্থিত ছিলেন। অনু্ষ্ঠানে ওয়েষ্টার্ন মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম এ প্রজেক্টকে সফল করার জন্য সরকার, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, মিডিয়া, ব্যবসায়ীক অংশীদার এবং আর্থিক প্রতিষ্ঠান গুলোকে আন্তরিক ধন্যবাদ জানান।
ওয়েস্টার্ন মেরিন শিপ ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক মো: শাখাওয়াত হোসেন বলেন, ‘ বিদেশী জাহাজ মালিকদের জন্য এ ধরনের বৃহৎ আকারের জাহাজ নির্মানের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একটি সফল জাহাজ নির্মাণকারী দেশ হিসেবে নিজেদের নাম অন্তর্ভূক্ত করেছে’। তিনি আরো বলেন, ‘এর মাধ্যমে আমরা পৃথিবীকে জানিয়ে দিতে চাই খুব শীঘ্রই ভারী শিল্প সমৃদ্ধ দেশ হিসেবে আমরা নিজেদের পরিচিত করতে পারবো। গ্রোনা শিপিং এর মি. মারকু জাহাজটির মান সম্পন্ন নির্মাণ ও সময় মতো লঞ্চিংএর জন্য গভীর সন্তোষ প্রকাশ করেন।
বর্তমানে ওয়েষ্টার্ন মেরিন শিপইয়ার্ড জার্মানী , ডেনমার্ক , পাকিস্তান, মধ্যপ্রাচ্য থেকে জাহাজ নির্মাণের জন্য ব্যাপকহারে অর্ডার পাচ্ছে। এর ফলে বাংলাদেশ মাঝারী এবং ছোট জাহাজ নির্মাণের জন্য আকর্ষনীয় স্থান হিসেবে পরিচিতি পাচ্ছে।
|